যোগাযোগব্যবস্থায় ত্রুটি: যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িক বন্ধ

আন্তর্জাতিক স্লাইড

যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) দেশজুড়ে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

এর প্রভাবে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতিতে পড়ল যুক্তরাষ্ট্র। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশটির অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টারও কম সময়ের জন্য বন্ধ রেখেছিল এফএএ।

এফএএর নির্দেশ অনুযায়ী, আকাশে থাকা উড়োজাহাজগুলো গন্তব্যে অবতরণ করতে পারবে। তবে বিমানবন্দর থেকে নতুন কোনো ফ্লাইট উড্ডয়ন করতে পারবে না। ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, দেশটির সব বিমানবন্দরের জন্য দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশ দিয়েছে এফএএ।

এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোতে যোগাযোগের সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এফএর প্রযুক্তিবিদেরা সমস্যাটি খতিয়ে দেখছেন। পরিস্থিতির বিষয়ে নতুন তথ্য পাওয়া মাত্র জানানো হবে।

এর আগে শিকাগোতে বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল এফএএ। বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রের যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংস্থাটি তখন জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখতে হবে। আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানায় তারা।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা সমস্যা চলছে। পুরনো যন্ত্রপাতি, যোগাযোগব্যবস্থার ত্রুটি এবং নিয়ন্ত্রককর্মীর সংকটের কারণে এ খাত চাপে রয়েছে। পুরনো অবকাঠামো বদলে আধুনিক ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে এফএএ।

গত বছর এ কাজের জন্য কংগ্রেস ১২৫০ কোটি ডলার বরাদ্দ দিয়েছিল। তবে শুক্রবার এফএএ ও হোয়াইট হাউস আইনপ্রণেতাদের কাছে আরও ৩০১০ কোটি ডলার বরাদ্দ চেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *