ধর্ষণ মামলা ছাড়া হত্যা-সহ সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে: আইনমন্ত্রী

আইন-আদালত স্লাইড

রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলা হলে ধর্ষণ মামলা ছাড়া হত্যা-সহ অন্যান্য সব ধরনের মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন শুরু হয়।

আইনমন্ত্রী জানান, ১০ আগস্টের পর জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর অধিকাংশের ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। যেসব মামলায় অভিযোগপত্র দেওয়া হলেও সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। এ পর্যন্ত ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও জানান, যেসব মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে, সেগুলোও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কিছু ব্যক্তি আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় মামলা নিষ্পত্তি করে খালাস পাওয়ার পথ বেছে নিয়েছেন। এ কারণে সব মামলা একযোগে প্রত্যাহার করা সম্ভব হয়নি।

মন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে এখনো মামলা রয়েছে, তারা নির্ধারিত ফরমে আবেদন করলে তা যাচাই-বাছাই করে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে বিবেচিত হলে ক্ষেত্রবিশেষে হত্যা মামলাও প্রত্যাহার করা হবে। তবে ধর্ষণ মামলা প্রত্যাহারের আওতার বাইরে থাকবে।

এর আগে সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, এ পর্যন্ত মোট ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জে বিচারক সংকটের বিষয়ে সংসদ সদস্য মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে ৩৯৪টি বিচারকের পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দ্রুত সংকট নিরসনের আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে মামলা প্রত্যাহারের যেসব আবেদন এসেছে, সেগুলোর মধ্যে ছাত্রশিবিরের আবেদন যথাযথ ফরমে জমা হওয়ায় প্রত্যাহার করা হয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে পাঠানো কয়েকটি আবেদন সঠিক ফরমে না থাকায় ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে ফোন করে সঠিক ফরমে আবেদন পুনরায় জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

অন্যদিকে সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক তার বিরুদ্ধে থাকা ৮৬টি মামলাসহ অন্যান্য সংসদ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলার তালিকা সংসদে উপস্থাপনের অনুরোধ জানান। জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় কোনো মামলাতেই ‘রাজনৈতিক মামলা’ হিসেবে উল্লেখ করা থাকে না। তাই ভুক্তভোগী রাজনৈতিক নেতা-কর্মীদের নির্ধারিত ফরমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন পাওয়ার পর যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *