২০২৭ সালের হজ চুক্তি সই: বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার

জাতীয়

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন এই চুক্তির ফলে ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য অতিরিক্ত ৫ হাজার কোটা বৃদ্ধি করেছে সৌদি সরকার।

সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় আনুষ্ঠানিকভাবে এই দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) কোটা বৃদ্ধির খবরটি নিশ্চিত করেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ এবং বাংলাদেশের ধর্মমন্ত্রী স্ব-স্ব দেশের পক্ষে এই চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দ্বিপক্ষীয় আলোচনার পর ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজমন্ত্রী তাৎক্ষণিকভাবে ৫ হাজার কোটা বাড়ানোর ঘোষণা দেন। ফলে ২০২৭ সালের হজে মোট কোটা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।

এর আগে আগামী বছরের জন্য বাংলাদেশকে ৭৮ হাজার ৫০০ জনের কোটা দেওয়া হয়েছিল। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের সুযোগ নির্ধারিত ছিল। তবে নিবন্ধনের চাপ থাকায় বাংলাদেশ সরকার অতিরিক্ত ২০ হাজার কোটার জন্য আবেদন জানিয়েছিল।

আলোচনাকালে সৌদি হজমন্ত্রী জানান, মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার কারণে বিশাল কোটা দেওয়া কঠিন। তবুও তিনি আশ্বস্ত করেন, অন্য কোনো দেশের কোটা খালি বা বাতিল হলে তা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়া হবে।

সৌদি মন্ত্রীর আন্তরিকতার কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, সৌদি হজমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলাদেশের হজযাত্রীদের সুবিধার্থে যা করা প্রয়োজন, তা তারা করবেন। এই সহযোগিতার জন্য সৌদি প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের সার্বিক হজ ব্যবস্থাপনাকে সাধারণ মানুষের জন্য আরও সহজ, স্বচ্ছ এবং সেবামুখী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, আগামী হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছিল ২৭ জুলাই এবং শেষ হয় ২৪ সেপ্টেম্বর। প্রাথমিক নিবন্ধনের জন্য আগ্রহীদের ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হয়েছিল। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে—প্যাকেজ-১-এর মূল্য ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং প্যাকেজ-২-এর মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এছাড়া বেসরকারি সাধারণ প্যাকেজের মূল্য ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা নির্ধারিত হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ ১৪৪৮ হিজরি) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে। সেই অনুযায়ী আগামী বছরের ৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদিগামী ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।

জেদ্দায় অনুষ্ঠিত এই চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ও সৌদি আরবের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রদূত এবং হজ অনুবিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *