সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

জাতীয় স্লাইড

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা পেছানোর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে অনুষ্ঠিত উপাচার্যদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিদ্ধান্ত নিশ্চিত করে জানান, আগামী ২০২৭ সালের ১ ফেব্রুয়ারির আগে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

একই সঙ্গে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইন বা অফলাইনে আবেদনের যাবতীয় কার্যক্রমও ২০২৭ সালের ১ জানুয়ারির পর থেকে শুরু হবে।

উচ্চশিক্ষা তদারকি সংস্থা ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ অংশ নেন।

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার চূড়ান্ত ও সম্পূরক সব ফলাফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হবে।

ফলে ভর্তি প্রক্রিয়ার সূচি ৩১ ডিসেম্বরের পর নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী সুযোগ থেকে বঞ্চিত না হয়।

ইউজিসি চেয়ারম্যান আরও উল্লেখ করেন, যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ বা আবেদন কার্যক্রম শুরু করেছিল, তাদের এই নতুন সিদ্ধান্তের সাথে সমন্বয় করতে হবে।

মূলত সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা যাতে অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের মতো সমান সুযোগ পান, সেই লক্ষ্যেই পরীক্ষা ও আবেদনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

এই নতুন সূচির ফলে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য পর্যাপ্ত প্রস্তুতি ও সমান সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে ইউজিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *