শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে যা বললেন পররাষ্ট্রসচিব

জাতীয় স্লাইড

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া ও নতুন পাসপোর্ট আবেদনের গুঞ্জন নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন পর তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করার খবর প্রকাশ্যে এসেছে। তবে বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলেও পররাষ্ট্রসচিব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই এবং এটি এই মুহূর্তের প্রধান আলোচনার বিষয় নয়।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২০২৪ সালের রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি নাগরিক হিসেবে নতুন ডকুমেন্ট বা ভ্রমণের কাগজপত্রের জন্য আনুষ্ঠানিক উদ্যোগ নিলেন। লন্ডনের একটি সুপরিচিত আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে এই আবেদন করা হয়েছে। আবেদনে তাঁর আইনজীবীরা উল্লেখ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পূর্বের যাবতীয় পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে। সেই প্রেক্ষিতে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং দেশের নাগরিক অধিকার নিশ্চিতের তাগিদে নতুন পাসপোর্ট ও এনআইডি দ্রুত ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। রয়টার্স ও তাঁর আইনি টিমের মতে, আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার জন্য শেখ হাসিনার নেওয়া এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফর নিয়ে কথা বলছিলেন নবাগত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার আলোচিত এই পাসপোর্ট আবেদনের বিষয়টি নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে পররাষ্ট্রসচিবের মন্তব্য চাওয়া হয়। উত্তরে সচিব খুব সংক্ষেপে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন যে, আজকের আয়োজন মূলত তুরস্ক সফর ও কপ-৩১ জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে, তাই শেখ হাসিনার পাসপোর্ট আবেদন প্রক্রিয়ার বিষয়ে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য বা বক্তব্য প্রদান করার সুযোগ নেই। এই বিষয়ে ঢাকায় প্রধানমন্ত্রীর দপ্তর কিংবা দিল্লির বাংলাদেশ হাই কমিশন থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিচার প্রক্রিয়ার মুখে দাঁড়িয়ে শেখ হাসিনার দেশে ফেরার এই আইনি ও রাজনৈতিক পদক্ষেপ দেশে নতুন করে চরম রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের অভ্যুত্থানকালীন দমন-পীড়নের জন্য শেখ হাসিনাকে অভিযুক্ত করে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। যদিও সাবেক এই প্রধানমন্ত্রী ও তাঁর দল আওয়ামী লীগ বরাবরই এই বিচার ও প্রক্রিয়াকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। হাসিনার আইনজীবীরা জানিয়েছেন, প্রয়োজনীয় যাবতীয় ভ্রমণ দলিল পাওয়া গেলে এবং আনুষ্ঠানিকভাবে আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেই তাঁর দেশে ফেরার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে স্থগিত ও আইনি প্রক্রিয়ার মধ্যে থাকলেও, তিনি আদালতে আত্মসমর্পণ ও বিচার মুখোমুখি হওয়ার উদ্দেশ্যেই দেশে ফিরতে চান বলে তাঁর আইনজীবীদের বরাতে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *