তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় স্লাইড

৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

পররাষ্ট্র সচিব জানান, আগামী ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো বিশেষভাবে প্রাধান্য পাবে। এছাড়া বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান কম হলেও দেশ যে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকির শিকার—সে বিষয়টিও তুলে ধরা হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্রিম পাটজাত পণ্যের প্রসঙ্গও তাঁর বক্তব্যে স্থান পাবে।

আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরে সচিব বলেন, জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার বিষয়ে উন্নত দেশগুলো অতীতে প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ সবসময় কাঙ্ক্ষিত সহায়তা পায় না। তাই এই সফরে জলবায়ু অর্থায়নে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে।

এদিকে, কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে একটি ‘জুট প্যাভিলিয়ন’ স্থাপন করা হবে। পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাটের বহুমুখী ব্যবহার এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পাট ও পাটজাত পণ্যের ব্যবহার প্রচারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণারও সম্ভাবনা রয়েছে।

সফরে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে পররাষ্ট্র সচিব জানান, সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *