ফাইনাল খেলার হাতছানিকে চাপ নয়, প্রেরণা হিসেবে দেখছেন শান্ত

খেলা স্পেশাল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ তিন আসরে পারফরম্যান্স ছিল না ভালো। তবে এবার দারুণ কিছুর সামনে বাংলাদেশ।

হাতে থাকা ৬ টেস্টের ৪ টিতে জয় ও কমপক্ষে একটিতে ড্র করতে পারলেই ফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

যতটা সুযোগের ঠিক ততটাই আবার চাপের। তবে নাজমুল হোসেন শান্তর কাছে তা মনে হচ্ছে না। বাংলাদেশের অধিনায়কের কাছে প্রেরণার মনে হচ্ছে।

আজ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাঁহাতি ব্যাটার।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে শান্ত বলেছেন, ‘এটা (টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সমীকরণ) আমার কাছে, চাপের নয়, প্রেরণার। টেস্ট ক্রিকেটে এরকম সমীরকণের অনেক কিছু আসছে, এটা প্রেরণার। চাপ বলব না এই কারণে, আমরা যখন প্রস্তুতি শুরু করেছি বা এই সিরিজটা নিয়ে যখনই কথা বলেছি, আমরা চিন্তা করেছি যে গত কয়েকটা সিরিজে বা গত কয়েক বছর ধরে আমরা টেস্ট ক্রিকেটটা কীভাবে খেলছি।’

স্বাভাবিকভাবেই এখন থেকে সব সিরিজ গুরুত্বপূর্ণ। তবে সতীর্থদের কাছ থেকে বাড়তি কিছু চান না শান্ত। প্রসেস মেনে শুধু নিজেদের কাজটাই কারুক এটুকুই চাওয়া তার। ২৮ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আমরা বাড়তি কোনো কিছু করতে চাই না, প্রসেসটা ফলো করতে চাই। যে জিনিসটা পারি ওই জিনিসটা ১০০% দিয়ে করতে চাই।

তাই এখানে আমি কারও কাছ থেকে বাড়তি কোনো এফোর্টও চাই না। এটা অনেক গুরুত্বপূর্ণ সিরিজ অবশ্যই। তবে আমরা প্রসেসটা ফলো করে যেভাবে রেজাল্ট পাচ্ছি ওই জিনিসটাই শুধু এক্সিকিউট করতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *