মেসিদের লিগে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

খেলা স্পেশাল

মাঠে নামছেন আর ইতিহাস গড়ছেন—বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিস্ময় বালক কাভান সুলিভান যেন রেকর্ডের খাতা নতুন করে লেখার মিশনে নেমেছেন! ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে পা রেখে নজরে এসেছিলেন। তবে চলতি মৌসুমে তো নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন এই ১৬ বছর বয়সী প্রতিভা।

প্রতি ম্যাচে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে এবার মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়লেন তিনি।

বাংলাদেশি সময় আজ ভোরে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৩-১ ব্যবধানে ফিলাডেলফিয়া ইউনিয়নের দুর্দান্ত জয়ে এক অনন্য কীর্তি গড়েন কাভান সুলিভান। এমএলএসের ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোল ও অ্যাসিস্টের মাধ্যমে সরাসরি অবদান রাখার রেকর্ড স্থাপন করলেন তিনি। সুলিভানের এই ইতিহাস গড়ার দিনে ভেঙে গেছে রেড বুলসের টানা সাত ম্যাচের অপরাজেয় থাকার ধারাও।

ম্যাচের ৫০তম মিনিটে বক্সে ঢুকে দারুণ দক্ষতায় প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে বাঁ পায়ের মাপা শটে দূরের পোস্টে বল পাঠান সুলিভান। চলতি মৌসুমে নিজের ৩৪তম ম্যাচে এটি সুলিভানের তৃতীয় গোল।

লিগের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে এখন টানা চার ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করার এই নজির আছে মাত্র ৩ জন ফুটবলারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *