ফের পিছিয়ে যেতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

খেলা স্পেশাল

ফের পিছিয়ে যেতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ। ৬ ম্যাচের এই সিরিজের সূচি নিয়ে এখনও দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে। আগামী ৩ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা থাকলেও, সফর নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

ভারতের বিপক্ষে হোম সিরিজের কারণে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সূচিও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বাংলাদেশে এসে ৩টি ওয়ানডে  এবং ৩টি টি-টোয়েন্টি খেলার কথা ভারতের। এই সফর মূলত ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা ছিল। পরে সেটা এক বছর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নির্ধারিত হয়।

ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও সফরের সূচি নিশ্চিত করেনি। বিসিবি সভাপতি তামিম ইকবালও জানিয়েছেন, সিরিজের দিনক্ষণ নিয়ে আলোচনা এখনও চলছে। ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে তামিম বলেছেন, ‘ভারত সিরিজ নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। দিনক্ষণে সামান্য পরিবর্তন হতে পারে।’

সিরিজ নিয়ে অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়েছে বিসিবির ‘গেম ডেভেলপমেন্ট ট্রফি’ ঘোষণার পর। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা। ফলে ভারতের প্রস্তাবিত সফরের সঙ্গে সূচির সংঘাত তৈরি হচ্ছে।

তামিম জানিয়েছেন ‘এই টুর্নামেন্ট মিরপুরে হচ্ছে, তবে চাইলে দুই মিনিটের মধ্যে বসুন্ধরা মাঠে সরিয়ে নেওয়া সম্ভব। ভারত সিরিজ চূড়ান্ত হলে আমরা সেই অনুযায়ী সূচি ঠিক করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *