ওয়ানডে ক্রিকেটের সময় শেষ—কথাটিকে ভুল প্রমাণ করতে আজকের ‘সুপার সানডে’ যথেষ্ট!
আজ বিশ্বের তিন মহাদেশে কাছাকাছি সময়ে শুরু হয়েছে তিনটি ওয়ানডে ম্যাচ। সেটাও যেনতেন দলের নয়।
জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তিরুবনন্তপুরমে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। আর লন্ডনের ওভালে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে খেলছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা।
জোহানেসবার্গ আফ্রিকা মহাদেশে, কেরালার তিরুবনন্তপুরম এশিয়ায় আর লন্ডন ইউরোপে।
এই তিন ম্যাচে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে চার সেঞ্চুরির দেখা মিলেছে।
টেম্বা বাভুমা ও ডেভিড মিলারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৩৬৬ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। জাস্টিন গ্রিভসের সেঞ্চুরিতে ভারতকে ২৯৬ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর টম ব্যান্টনের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছে ইংল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা যখন সেঞ্চুরি করেন, তখন বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫০ মিনিট। আরেক প্রোটিয়া ব্যাটার মিলার তিন অঙ্ক ছোঁয়ায় সময় ঘড়ির কাঁটায় সময় বিকেল ৪টা ২৫ মিনিট।
এদিকে ভারতের বিপক্ষে গ্রিভসের সেঞ্চুরির সময় বিকেল ৫টা ৯ মিনিট। আর শ্রীলঙ্কার বিপক্ষে ব্যান্টনের সেঞ্চুরি এসেছে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।
অর্থাৎ, ২ ঘণ্টা ১৬ মিনিটের মধ্যে চার ব্যাটার ভিন্ন তিন ভেন্যুতে সেঞ্চুরি করেছেন।
