ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে।
ঠিক এর পরপরই ৫ অথবা ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব দিয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গতকাল রবিবার (২৩ আগস্ট) ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ৫ সদস্যের প্রতিনিধি দল ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করে সন্তুষ্ট হয়েছে। এরপর রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ডিনারে ৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব দিয়েছে।
বাংলাদেশের বিপক্ষে খেলতে কলকাতা থেকে ৪ অক্টোবর ঢাকায় আসতে চান ভিনিসিয়ুস-রাফিনিয়ারা।
তবে ৩ অক্টোবর পর্যন্ত ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ থাকায় বাফুফে দোটানায়। কেননা এত সংক্ষিপ্ত সময়ে ইন্দোনেশিয়া থেকে এসেই হামজা-তপুদের পক্ষে খেলা কঠিন।
ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তির বিপক্ষে খেললে ফল কেমন হয়, সেটাও রয়েছে বাফুফের ভাবনায়। এই ম্যাচ আয়োজনের ব্যয়ও কম নয়।
আরো নানা ধরনের ব্যবস্থাপনা মিলিয়ে বড় ধরনের আর্থিক বিষয় তো আছেই।
ব্রাজিলের প্রতিনিধি দল বাফুফেকে জানিয়েছে, ২৩ জন খেলোয়াড়সহ ৯০ জনের বহর নিয়ে ঢাকায় আসতে চায় তারা। তাদেরকে কলকাতা থেকে আনা ও ম্যাচ শেষে দুবাই পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
বাফুফে আপাতত ব্রাজিলের এমন প্রস্তাব নিয়ে ভাবছে। বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী বলে ফেডারেশনের একটি সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।
