ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ নিয়ে সম্প্রতি নানা গুঞ্জন ছড়ায়। মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ের পর থেকেই এ নিয়ে আলোচনা শুরু হয়।
পরে তুরস্কের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সমাজের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদের কাছে গিয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন ৫৩ বছর বয়সী কার্লোস।
এ নিয়ে গুঞ্জন আরো জোরালো হয় তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর। তিনি ব্রাজিলের মুসলিম সমাজের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠকের কথা জানিয়ে কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি উল্লেখ করেন।
শাহিন দুই দিন আগে নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে লিখেছিলেন, তিনি সাও পাওলোর শেখ জিহাদ হামাদার সঙ্গে দেখা করেছেন।
এই দেখা হয়েছিল ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ পরিদর্শনের সময়। শেখ তাকে বলেছিলেন, কার্লোস অনেক দিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। চার সপ্তাহ আগে তিনি শেখের কাছে গিয়ে কালেমা পড়েন এবং ইসলাম ধর্ম বেছে নেন।
তবে এবার নিজেই এ বিষয়ে মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা।
কার্লোস বলেছেন, তার ইসলাম গ্রহণের খবর ‘সত্য নয়’।
রিয়াল মাদ্রিদের সাবেক এ তারকা বুধবার (১৯ আগস্ট) সৌদি পত্রিকা ‘ওকাজ’-কে বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আমার স্ত্রী নামাজ পড়েন, এটা দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার ইসলাম গ্রহণ নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে, তা সত্য নয়।’
যে বিয়ের অনুষ্ঠান নিয়ে এত গুজব ছড়িয়েছিল, সে বিষয়ে কার্লোস বলেন, ‘আমাদের বিয়ের অনুষ্ঠান একাধিক ধরনের হয়েছিল।
আমরা পরিবারের সদস্যদের বিশ্বাসের সঙ্গে মানানসই একটি অনুষ্ঠান করেছি, কারণ তারা ক্যাথলিক ধর্মের অনুসারী। এর পাশাপাশি আমার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের জন্য আরেকটি অনুষ্ঠানও করা হয়েছিল।’
