হৃদয়ের সিনেমায় নুসরাত ফারিয়া, শুটিং শুরু আগস্টে

বিনোদন স্পেশাল

 

‘বরবাদ’ ও ‘রাক্ষস’ নির্মাণের মাধ্যমে ঢালিউডে আলোচনার কেন্দ্রে উঠে আসা তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার পা রাখছেন ওটিটি দুনিয়ায়। প্রথমবারের মতো তিনি নির্মাণ করতে যাচ্ছেন একটি ওয়েব ফিল্ম।

আর এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।

প্রেক্ষাগৃহে সফল দুটি সিনেমার পর হৃদয়ের নতুন প্রথম ওয়েব ফিল্মের সম্ভাব্য নাম ‘লাপাত্তা’। তবে নামটি পরিবর্তিত হতে পারে। খবরটি নিশ্চিত করেছেন মেহেদী হাসান হৃদয় নিজেই।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত সবকিছুই চূড়ান্ত। এগুলো মোটামুটি বেশ কিছুদিন আগেই চূড়ান্ত হয়ে গেছে। এখন শুধু শুটিং শুরুর পালা। আগামী মাস থেকেই শুটিংয়ে নামব।

ফিল্মটি হবে থ্রিলার ঘরানার, সঙ্গে কমেডিও থাকবে। চেষ্টা থাকবে একদম নতুন এবং অন্যরকম কিছু করার।’

জানা গেছে, আগস্টের মাঝামাঝিতে শুরু হবে কমেডি-থ্রিলার ঘরানার ‘লাপাত্তা’র শুটিং। ওয়েব ফিল্মটিতে নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করবেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়সহ আরো কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী। বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে পারে ফিল্মটি।

গত বছর শাকিব খানকে নিয়ে নির্মিত ‘বরবাদ’ দিয়ে বড় পর্দায় অভিষেক করেন হৃদয়। সিনেমাটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পেয়ে ব্যাপক আলোচনায় আসে। এরপর চলতি বছরের ঈদে সিয়াম আহমেদকে নিয়ে তিনি নির্মাণ করেন ‘রাক্ষস’।

সম্প্রতি শাকিব খানকে নিয়ে হৃদয়ের নতুন সিনেমার ঘোষণাও এসেছে। ‘লাপাত্তা’র কাজ শেষ করার পরই নতুন সিনেমাটির অভিনয়শিল্পী ও অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করবেন নির্মাতা। আগামী নভেম্বরের শেষ দিকে শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার শুটিং শুরু হবে বলেও জানান তিনি।

এর আগে আগামী অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে মেহেদী হাসান হৃদয়ের আরেক সিনেমা ‘বিদায়’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *