কারাবাসের পর অভিনেতা সিদ্দিক জানালেন জীবন বদলানোর গল্প

বিনোদন স্পেশাল

কারাগারের জীবন থেকে দীর্ঘ কারাবাসের পর নতুন এক রূপে, নতুন এক জীবন নিয়ে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর একটি মামলায় গ্রেফতার হন তিনি।

সিদ্দিকুর রহমান প্রায় ১১ মাস কারাভোগ করে এর পর গত ১৮ মার্চ মুক্তি পেয়েছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে নিজের জেলজীবন এবং ভেতরের আমূল পরিবর্তনের গল্প শুনিয়েছেন।

সিদ্দিক সেই সাক্ষাৎকারে বলেন, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেফতার হওয়ার পর টানা ১০ মাস ২২ দিন তিনি কারাগারে ছিলেন। এই দীর্ঘ সময়কে কেবল বন্দিদশা হিসেবে না দেখে বরং নিজেকে পরিবর্তনের সুযোগ হিসেবে নিয়েছেন তিনি।

অভিনেতার ভাষায়, জেলে প্রচুর চিন্তা করার সময় পাওয়া যায়। আগে দ্বীনের কাজে সেভাবে লিপ্ত ছিলাম না, কিন্তু সেখানে নিয়মিত কোরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন।

কারাগারের দেয়ালে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’, এই স্লোগানটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। সিদ্দিক বলেন, কারা কর্তৃপক্ষ আমাকে নিরাপদে রেখেছে আর আমি নিজেই নিজের আলোর পথ খুঁজে নিয়েছি।

বন্দি থাকা অবস্থায় এই অভিনেতা তার সৃজনশীলতাকে থামিয়ে রাখেননি। জেলে বসেই তিনি ১৫টি নাটক ও ৩টি চলচ্চিত্রের গল্প লিখে ফেলেছেন। এমনকি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে বইও লিখেছেন তিনি।

তবে মুক্তি পেলেও এখনো কারাজীবনের সেই ‘ট্রমা’ কাটিয়ে উঠতে পারেননি সিদ্দিক। জানান, শারীরিক ও মানসিকভাবে এখনো সেই নিয়মের মধ্যেই নিজেকে আবিষ্কার করেন। আপাতত পরিবারকে সময় দিচ্ছেন এবং জেলে লেখা গল্পগুলো নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *