এমি পুরস্কারে এবার যত রেকর্ড

বিনোদন স্পেশাল

টেলিভিশন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার এমির ৭৮তম আসরে বাজিমাত করেছে অ্যাপল টিভির সিরিজ ‘উইডোস বে’। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এবারের আয়োজনে সিরিজটি মোট ১৪টি পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়েছে।

এর আগে এক আসরে সর্বোচ্চ ১৩টি এমি জয়ের রেকর্ড ছিল ২০২৫ সালের কমেডি সিরিজ ‘দ্য স্টুডিও’র দখলে। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে ‘উইডোস বে’। সেরা কমেডি সিরিজের পুরস্কারের পাশাপাশি অভিনয়, পরিচালনা ও চিত্রনাট্যসহ গুরুত্বপূর্ণ বিভাগেও পুরস্কার পেয়েছে সিরিজটি।

এবারের আয়োজনে অভিনয়ের ক্ষেত্রেও তৈরি হয়েছে নতুন ইতিহাস। ‘উইডোস বে’ এবং ‘দ্য বিস্ট ইন মি’-এর জন্য কমেডি ও লিমিটেড সিরিজ—দুই বিভাগেই সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ম্যাথিউ রাইস। একই আসরে দুটি আলাদা বিভাগে সেরা অভিনেতা হওয়ার এমন নজির আগে দেখা যায়নি।

ম্যাথিউ রাইসের সাফল্য এখানেই শেষ নয়। ২০১৮ সালে ‘দ্য আমেরিকানস’ সিরিজের জন্য ড্রামা বিভাগে সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছিলেন তিনি। ফলে এমির ইতিহাসে তিনিই প্রথম অভিনেতা, যিনি ড্রামা, কমেডি ও লিমিটেড সিরিজ—তিন বিভাগেই সেরা অভিনেতার স্বীকৃতি অর্জন করেছেন।

অন্যদিকে, সেরা অভিনেত্রীর বিভাগে অনন্য রেকর্ড গড়েছেন জিন স্মার্ট। লিমিটেড সিরিজ ‘হ্যাকস’-এর জন্য এবারও পুরস্কার জিতে টানা পাঁচবার এমি জয়ের নজির গড়েছেন তিনি। গত চার আসরেও একই সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন স্মার্ট। এবারের জয় নিয়ে তার মোট এমি সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে। এর মাধ্যমে জুলিয়া লুইস-ড্রেফাস ও ক্লোরিস লিচম্যানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ আটটি এমি জয়ের রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।

এদিকে ‘দ্য ডিপ্লোম্যাট’-এর জন্য ড্রামা সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যালিসন জেনি। এই জয়ের মাধ্যমে তার ক্যারিয়ারে এমি পুরস্কারের সংখ্যা আটটিতে পৌঁছেছে।

এবারের আসরে ‘উইডোস বে’-এর আধিপত্য অবশ্য প্রত্যাশিতই ছিল। ভৌতিক-কমেডি ঘরানার সিরিজটি মোট ১৯টি মনোনয়ন পাওয়ায় আগেই আলোচনার কেন্দ্রে ছিল। শেষ পর্যন্ত পূর্বাভাস সত্যি করে সর্বোচ্চ ১৪টি পুরস্কার ঘরে তুলেছে এটি।

‘উইডোস বে’-এর পর সাতটি করে পুরস্কার পেয়েছে এইচবিওর মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’ এবং লিমিটেড সিরিজ ‘ডিটিএফ সেন্ট লুইস’।

এক নজরে এমির প্রধান কয়েকটি বিভাগের বিজয়ীর তালিকা :

  • সেরা ড্রামা সিরিজ : দ্য পিট
  • সেরা কমেডি সিরিজ : উইডো’স বে
  • সেরা লিমিটেড সিরিজ : ডিটিএফ সেন্ট লুইস
  • সেরা অভিনেতা (ড্রামা) : নোয়া ওয়াইল (দ্য পিট)
  • সেরা অভিনেত্রী (ড্রামা) : রিয়া সিহর্ন (প্লারিবাস)
  • সেরা অভিনেতা (কমেডি) : ম্যাথিউ রাইজ (উইডোস বে)
  • সেরা অভিনেত্রী (কমেডি) : জিন স্মার্ট (হ্যাকস)
  • সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ) : ম্যাথিউ রাইজ (দ্য বিস্ট ইন মি)
  • সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ) : স্যালি ফিল্ড (রিমার্কেবলি ব্রাইট ক্রিয়েচারস)
  • ভ্যারাইটি সিরিজ : দ্য লেট শো উইথ স্টিফেন কোবার্ট
  • সেরা চিত্রনাট্য (ড্রামা) : ভিনস গিলিগান (প্লারিবাস)
  • সেরা চিত্রনাট্য (কমেডি) : কেটি ডিপোল্ড (উইডোস বে)
  • সেরা পরিচালনা (ড্রামা) : সল মেতস্টেইন (স্লো হর্সেস)
  • সেরা পরিচালনা (কমেডি) : হিরো মুরাই (উইডোস বে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *