‘সাবিলা আমাদের ভাবনায় নেই’

বিনোদন স্পেশাল

 

গত বছর ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমা দিয়ে দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য, দুই দিক থেকেই আলোচনায় এসেছিল শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের জুটি। এবার সেই সফল জুটি আবারও একসঙ্গে নতুন সিনেমা নিয়ে ফিরছেন।

নতুন এই সিনেমা ঘিরে চলচ্চিত্র অঙ্গনে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা। তবে সব কিছুকে ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে, কে হচ্ছেন শাকিবের নায়িকা! তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ তুলছেন একটি নাম—সাবিলা নূর। প্রশ্ন উঠেছে, শাকিব খানের নতুন সিনেমায় নায়িকা হিসেবে কি থাকছেন তিনি?

এর আগে শাকিবের সঙ্গে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় কাজ করেছেন সাবিলা। ফলে নতুন সিনেমাতেও তাঁদের জুটি হতে পারে, এমন আলোচনা চলছে।

তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

এবার বিষয়টি একদম পরিষ্কার করে দিলেন সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি। তিনি বললেন, ‘আমরা এখনো সাবিলার কথা ভাবিনি। নায়িকা নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।

তবে সাবিলা ভাবনায় নেই। অক্টোবরে যে সিনেমার শুটিং করতে যাচ্ছি, সেখানে কোনোভাবেই সাবিলার কথা ভাবছি না।’

পরিচালক বলেন, ‘আমাদের সিনেমার নায়িকা এখনো ঠিক হয়নি। আমরা এটা শিগগিরই জানাব। আগে স্ক্রিপ্ট লক হোক।

কাকে নেব, সবই মাথায় আছে। আলোচনা হোক।’

এদিকে ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নিঃস্ব’ বা ‘হায়েনা’ এ রকম নাম শোনা যাচ্ছে। হৃদয় বললেন, ‘নাম সময় হলেই জানাব।’

জানা গেছে, আগামী অক্টোবরে শুরু হতে পারে ছবিটির শুটিং। এরপর আগামী বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মেহেদী হাসানের পরিচালনায় প্রথম সিনেমা ছিল ‘বরবাদ’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাকিব খান। দর্শকদের প্রত্যাশা ছাড়িয়ে সাফল্য পাওয়ার পর সিনেমাটির মাধ্যমে নির্মাতার প্রতি শাকিবের আস্থাও বাড়ে। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হলেও প্রায় দুই বছর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তাঁরা।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, নতুন সিনেমাটিও ‘বরবাদ’-এর মতো অ্যাকশনধর্মী হতে যাচ্ছে। তবে গল্প ও চরিত্রের উপস্থাপনায় দর্শক শাকিব খানকে নতুনভাবে দেখতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *