গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

দেশজুড়ে স্লাইড

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রায় ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য আন্দোলন ঠেকাতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আরও অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সকাল থেকেই শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জেলার শিল্পাঞ্চলগুলোর এমন পরিস্থিতির তথ্য পাওয়া গেছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আশপাশের বিভিন্ন এলাকার অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সকাল থেকেই মানুষের যাতায়াত স্বাভাবিকের তুলনায় কম দেখা গেছে। শ্রমিকদের উপস্থিতি কম থাকায় ওই সব এলাকার অধিকাংশ দোকানপাট ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানও খোলেনি। ফলে ব্যস্ততম শিল্প এলাকাগুলোতে এক ধরনের থমথমে ও নীরব পরিবেশ বিরাজ করছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানিয়েছেন, ভোগড়া, সালনা ও বাংলাবাজার এলাকার ৮ থেকে ১০টি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মূলত কারখানার ভেতরে ও বাইরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই মালিকপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে সাধারণ ছুটি ঘোষণার পর বেশ কিছু কারখানার শ্রমিকেরা রাস্তায় জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ, বিজিবি ও যৌথ বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শিল্প পুলিশের তথ্যমতে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত জেলার প্রায় ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কারখানা কর্তৃপক্ষগুলো এই বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে বলে জানা গেছে। বন্ধ থাকা কারখানাগুলোর সামনে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

যৌথ বাহিনীর টহল জোরদার থাকায় বর্তমানে জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি।

পুলিশ সুপার আরও নিশ্চিত করেছেন, বন্ধ থাকা ও ছুটি ঘোষণা করা কারখানাগুলো বাদে গাজীপুরের বাকি সব কারখানায় যথারীতি উৎপাদন কার্যক্রম চলছে।

সাধারণ শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *