বিদেশি নাগরিকদের ভারতে যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে নিজেদের ভিসা নীতিতে ব্যাপক সংস্কার এনেছে ভারত সরকার। দীর্ঘদিনের জটিলতা কমিয়ে ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে কমিয়ে ২৩টিতে আনা হয়েছে।
পাশাপাশি আবেদন প্রক্রিয়া সহজ করতে ভিসার আবেদন ফরমে তথ্য পূরণের ঘর বা ফিল্ড ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে পর্যটন, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা খাতে বিদেশি নাগরিকদের যাতায়াত বহুগুণে সহজ হবে।
নতুন কাঠামোর অধীনে ২০২৬ সালের শেষ নাগাদ এই প্রক্রিয়ায় ভিসা প্রদান শুরু হতে পারে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক মানদণ্ড এবং বিভিন্ন উন্নত দেশের ভিসা ব্যবস্থা পর্যালোচনার পর এই ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
সংস্কারের অন্যতম প্রধান পরিবর্তন এসেছে পর্যটন ভিসায়। প্রচলিত ‘ট্যুরিস্ট ভিসা’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। কেবল ঘোরাঘুরি নয়, ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং স্বল্পমেয়াদি কোর্সও এই ভিসার আওতায় আনা হয়েছে।
ভিজিটর ভিসাকে দুটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে। ‘ভি-১’ ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং এতে একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে। স্বল্পমেয়াদি চিকিৎসা, যোগব্যায়াম, ভারতীয় ভাষা, সংগীত বা চারুকলা কোর্সে অংশ নিতে এই ভিসা দেওয়া হবে।
দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য রাখা হয়েছে ‘ভি-২’ ভিসা। আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী এর মেয়াদ হবে ১, ৫ অথবা ১০ বছর। ভ্রমণ ও পর্যটনের পাশাপাশি এই ভিসায় পর্বত আরোহণের সুযোগও অন্তর্ভুক্ত থাকবে।
চিকিৎসা ভিসার কাঠামোতেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত চিকিৎসার পাশাপাশি আয়ুষ (AYUSH) পদ্ধতির চিকিৎসার সুবিধা আলাদা করে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আধুনিক বা প্রচলিত চিকিৎসার জন্য ‘এম-১’ এবং আয়ুষ পদ্ধতির জন্য ‘এম-৩’ ভিসা ইস্যু করা হবে। এই উভয় ভিসার মেয়াদ হবে সাধারণত ১ বছর এবং এতে একাধিকবার ভারতে যাতায়াতের সুযোগ থাকবে।
রোগীদের সঙ্গে আসা সহযোগীদের জন্য দেওয়া হবে যথাক্রমে ‘এম-২’ ও ‘এম-৪’ ভিসা। ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে আনা এই পরিবর্তনের ফলে ঘনঘন নতুন ভিসার আবেদন করার ঝামেলা কমবে।
শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দুটি ক্যাটাগরি করা হয়েছে। ‘এস-১’ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আসবেন।
গবেষক, পিএইচডি শিক্ষার্থী, অতিথি শিক্ষক ও শিক্ষানবিশদের জন্য নির্ধারণ করা হয়েছে ‘এস-২’ ভিসা। ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা মেয়াদ অনুযায়ী সর্বোচ্চ ৫ বছরের ই-ভিসা পাবেন।
ব্যবসায়ীদের সুবিধার্থে ভিসা ব্যবস্থাকে ‘বি-১’ ও ‘বি-২’—এই দুই ভাগে ভাগ করা হয়েছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও প্রতিষ্ঠান স্থাপনকারীদের জন্য ‘বি-১’ ভিসা রাখা হয়েছে।
স্বল্পমেয়াদি চুক্তি, মেলা, সেমিনার বা বিনোদন খাতের জন্য দেওয়া হবে ‘বি-২’ ভিসা। প্রযুক্তিগত বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্য ই-ভিসার বিশেষ সুযোগও এই ক্যাটাগরিতে যুক্ত করা হয়েছে।
ভারতের আন্তর্জাতিক ই-ভিসা সুবিধা বর্তমানে ১৭২টি দেশের নাগরিকদের জন্য চালু রয়েছে। নতুন এই কাঠামোর আওতায় সেবা দিতে ভারতের তথ্যপ্রযুক্তি অবকাঠামো পুনর্বিন্যাসের কাজ দ্রুত গতিতে চলছে।
সংস্কারের ফলে ভারতের চূড়ান্ত ৯টি ভিসা শ্রেণি হবে—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর এবং বিবিধ।
বিবিধ শ্রেণিতে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাদের পরিবার, নির্দিষ্ট কিছু সংস্থার সদস্য এবং বিশেষ পরিস্থিতিতে আফগান বা প্রতিবেশী দেশের নাগরিকদের দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া হবে। ভারত সরকারের আশা, এই নতুন নীতি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
