অক্টোবরে নিত্যপণ্যের দাম ৪.৩৯ শতাংশ ঊর্ধ্বমুখী

অর্থনীতি বিশেষ প্রতিবেদন স্পেশাল

দেশের খুচরা ও পাইকারি বাজারে গত অক্টোবর মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির এক উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। কনজুমারস ফোরামের (সিএফ) সাম্প্রতিক বাজার পরিস্থিতি–সংক্রান্ত প্রতিবেদনে জানানো হয়েছে, গেল অক্টোবর মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় ১৫ ধরনের পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

এর আগের মাস সেপ্টেম্বরেও মূল্যবৃদ্ধির হার ছিল ৩ শতাংশের বেশি। সবমিলিয়ে মাত্র দুই মাসের ব্যবধানে দেশের সাধারণ ভোক্তাদের নিত্যপণ্যের পেছনে ৭ শতাংশের বেশি অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে। মূলত সরবরাহ ব্যবস্থার ত্রুটি, উৎপাদন খরচের তারতম্য এবং বাজার তদারকির শিথিলতার সুযোগ নিয়ে এক শ্রেণির অতিমুনাফালোভী ব্যবসায়ী পণ্যের দাম কারসাজি করে বাড়িয়ে চলেছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, অক্টোবরে সাধারণ মানুষের আমিরাতের প্রধান উৎস মাছের বাজারে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে। এ মাসে মাছের দাম এক লাফে গড়ে প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পরেই রয়েছে রান্নার কাজে অপরিহার্য মসলা জাতীয় পণ্য। লবঙ্গ, এলাচ, দারুচিনি ও জিরার মতো মসলার দাম গড়ে ১০ শতাংশের ওপরে বেড়েছে। পাশাপাশি পেঁয়াজ, রসুন ও আদার দাম প্রায় ৮ শতাংশ এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা অজুহাতে জ্বালানি তেলের দাম ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। দাম বাড়ার এই মিছিলে আরও যুক্ত হয়েছে চিনি, ভোজ্যতেল, ডালডা, আটা, ময়দা এবং চাল। এমনকি প্রাত্যহিক জীবনের অন্যান্য মৌলিক খাদ্যপণ্য যেমন ডিম, মাংস ও চায়ের দামেও সামান্য হলেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

তবে সামগ্রিক বাজারের এই মূল্যস্ফীতির মধ্যেও কিছু পণ্যের দাম স্থিতিশীল ছিল যা সীমিত আয়ের মানুষের জন্য কিছুটা স্বস্তির বিষয়। সিএফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অক্টোবর মাসে লবণ, দুগ্ধজাত পণ্য, টুথপেস্ট ও ব্রাশ, প্যাকেটজাত বিস্কুট-চানাচুর, প্রয়োজনীয় কিছু ওষুধ এবং শিক্ষা উপকরণের দাম অপরিবর্তিত ছিল। এর বাইরে সবচেয়ে বড় স্বস্তি মিলেছে শাকসবজির বাজারে। শীতকালীন শাকসবজির পর্যাপ্ত সরবরাহের কারণে অক্টোবরে সবজির দাম ৩ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক ও দেশীয় বাজারের প্রভাবে সোনা ও রুপার দামেও প্রায় ৫ শতাংশ পতন লক্ষ্য করা গেছে।

সবজির দাম কমার এই চিত্রটি দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বৈষম্যের এক অদ্ভুত রূপ ধারণ করেছে। প্রতিবেদন অনুযায়ী, যশোর, বগুড়া ও রংপুর অঞ্চলের কৃষকেরা যখন শীতকালীন শাকসবজির বাম্পার ফলন পেয়েও উৎপাদন খরচ তুলতে পারছেন না, তখন রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে এর চিত্র সম্পূর্ণ উল্টো। মফস্বলে যেখানে এক হালি কলা ৫ থেকে ৮ টাকা এবং প্রতিটি ফুলকপি বা বাঁধাকপি মাত্র ৬ থেকে ১২ টাকায় বিক্রি হচ্ছে, সেখানে ঢাকার বাজারে এসে তা কয়েক গুণ বেড়ে যায়। রাজধানীতে প্রতিটি ফুলকপি বা বাঁধাকপি ৫০ টাকা এবং লাউ ৬০ টাকা পর্যন্ত দামে বিক্রি হতে দেখা গেছে। উৎপাদক পর্যায়ে দাম না পাওয়ার তীব্র হতাশা এবং ভোক্তা পর্যায়ে চড়া দামের এই ফারাক বাজার ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনাকেই স্পষ্ট করে তোলে।

নিত্যপণ্যের লাগামহীন এই ঊর্ধ্বগতি দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যমধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রায় মারাত্মক চাপ তৈরি করছে বলে সতর্ক করেছে কনজুমারস ফোরাম। সংগঠনটির মতে, কেবল নির্দিষ্ট শ্রেণির মানুষের জন্য বেতন-ভাতা বা মজুরি বাড়ালেই মূল্যস্ফীতির চাপ মোকাবেলা করা সম্ভব নয়। বরং শহর ও নগরের আকাশচুম্বী বাড়িভাড়া, দোকানভাড়া, চিকিৎসাসেবা ও সন্তানদের শিক্ষা ব্যয়ের মতো জীবনযাত্রার সামগ্রিক খরচও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নামিয়ে আনতে হবে। অন্যথায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ যেকোনো সময় সামাজিক স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

পরিস্থিতি উত্তরণে সরকারের নীতিনির্ধারক ও বাজার সংশ্লিষ্টদের প্রতি বেশ কিছু সুনির্দিষ্ট সুপারিশ পেশ করেছে কনজুমারস ফোরাম। সংগঠনটি অবিলম্বে অতিমুনাফালোভী সিন্ডিকেট ও অসৎ ব্যবসায়ীদের কঠোরহাতে দমনে আইন প্রয়োগের জোরালো তাগিদ দিয়েছে। বিশেষ করে গ্রামপর্যায়ে উৎপাদিত কৃষিপণ্য যাতে কোনো হয়রানি বা মধ্যস্বত্বভোগীর খপ্পরে না পড়ে সরাসরি ভোক্তার কাছে যৌক্তিক মূল্যে পৌঁছাতে পারে, সেজন্য দেশব্যাপী কার্যকর বাজার তদারকি এবং মনিটরিং সেল জোরদার করার ওপর জোর দেওয়া হয়েছে। রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মেরাদিয়া, আফতাবনগরের বিভিন্ন বাজার ও শীর্ষস্থানীয় সুপারশপগুলোর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়েছে যে, বাজার বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ নিলে নিত্যপণ্যের বাজার আবারও সাধারণ মানুষের নাগালে ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *