গান থামেনি আনুশেহর, তবে বদলে গেছে জীবনযাপন

বিনোদন স্পেশাল

দীর্ঘদিন বড় মঞ্চে দেখা যায় না গায়িকা আনুশেহ আনাদিলকে। তার কণ্ঠে ‘সহজ মানুষ’ কিংবা ‘তোমার ঘরে বসত করে’—দুই বাংলার শ্রোতাদের কাছে গানগুলো বেশ জনপ্রিয়।

কিন্তু সময়ের সঙ্গে বড় মঞ্চে তার উপস্থিতি কমেছে। এরপর থেকেই তাকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। কেউ কেউ দাবি করেছেন, নেশার কারণে সঙ্গীত থেকে দূরে সরে গেছেন শিল্পী। অবশেষে সেই গুঞ্জনের জবাব দিলেন আনুশেহ নিজেই।

সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। আনুশেহ জানিয়েছেন, নেশার কারণে গান ছেড়ে দিয়েছেন কিংবা গান গাওয়ার ক্ষমতা হারিয়েছেন—এমন ধারণা ঠিক নয়। বরং শারীরিক অসুস্থতা ও নিজের জীবনযাপনের ধরন বিবেচনা করেই বড় মঞ্চ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভিডিওতে আনুশেহ বলেন, ‘দূর থেকে বসে আমাকে বিচার করবেন না।

এটা ভেবে নেবেন না যে, আমি নেশার কারণে গান ছেড়ে দিয়েছি বা গান গাইতে পারি না। আমি এখনো গান গাইতে পারি। আমি একটু আগেও একাধিক নারীর জন্য গান গেয়েছি।’

বড় মঞ্চে গান না গাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন আনুশেহ। তার বক্তব্য, এখন আর বড় কনসার্ট করতে চান না তিনি।

বাণিজ্যিকভাবেও গান করার আগ্রহ নেই। নিজের জীবনকে সহজ ও স্বস্তিদায়ক করে তোলার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে এর অর্থ এই নয় যে, সঙ্গীতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। বরং নিজের পছন্দ ও শারীরিক অবস্থাকে গুরুত্ব দিয়েই বদলে নিয়েছেন জীবনযাপনের ধরন।

এর আগে চলতি বছরের জুলাইয়ে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন আনুশেহ। দীর্ঘদিন ধরে শ্রবণশক্তির সমস্যায় ভুগছেন বলে জানিয়েছিলেন। তার ক্ষেত্রে উচ্চ শব্দ সহ্য করাও ক্রমশ কঠিন হয়ে উঠেছে। শ্রবণশক্তি কমে আসার পাশাপাশি কানের মধ্যে সারাক্ষণ তীব্র শব্দ শোনার সমস্যার কথাও উল্লেখ করেছিলেন গায়িকা। উচ্চ শব্দে কানে ব্যথাও হয় তার।

চিকিৎসকের পরামর্শে একসময় শ্রবণযন্ত্র ব্যবহার করতে শুরু করেছিলেন আনুশেহ। তবে তার অভিজ্ঞতায়, সেটি ব্যবহারের পর কানে শব্দ শোনার সমস্যা আরো বেড়ে যায়। পরে শ্রবণযন্ত্র ব্যবহার বন্ধ করে দেন তিনি।

শারীরিক সমস্যার কারণে এখন হট্টগোল এড়িয়ে চলতেই পছন্দ করেন আনুশেহ। শান্ত, নিরিবিলি পরিবেশে সময় কাটানো তার কাছে বেশি স্বস্তির। ফলে বড় মঞ্চের আলো, দর্শকের ভিড় আর উচ্চ শব্দের অনুষ্ঠান থেকে দূরে থাকছেন তিনি। তবে গান থেকে পুরোপুরি সরে যাননি।

বাংলা সঙ্গীতের জগতে আনুশেহ আনাদিলের পরিচিতি দীর্ঘদিনের। নিজস্ব গায়কির কারণে শ্রোতাদের মধ্যে আলাদা জায়গা তৈরি করেছেন তিনি। ‘সহজ মানুষ’, ‘তোমার ঘরে বসত করে’, ‘মজার মানুষ’ ও ‘কালা রে কইয়ো’র মতো গান তাকে শ্রোতাদের কাছে পরিচিতি এনে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *