অমিতাভ বচ্চনের বাড়ি ওড়ানোর হুমকি!

বিনোদন স্পেশাল

বিশ্রামের প্রয়োজন অনুভব করে সম্প্রতি সমাজমাধ্যমে বিরতি নিয়েছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। চিকিৎসকদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর মাঝেই এল বড় ধরনের হুমকি—শুক্রবার সকালে মুম্বইয়ের মেয়রের কাছে আসা একটি ই-মেইলে অমিতাভের বাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই নিজের শারীরিক অবস্থার কথা ভক্তদের জানিয়েছেন প্রবীণ এই অভিনেতা।

নিজের অফিসিয়াল ব্লগে শরীরের যত্ন নেওয়া এবং বিশ্রামের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন অমিতাভ। বার্ধক্যজনিত কোনো বিশেষ সমস্যায় ভুগছেন কি না, তা স্পষ্ট না করলেও ব্লগে তিনি লিখেছেন, “আরও বিশ্রামের প্রয়োজন। শরীরের সঙ্গে মানিয়ে নেওয়া যায় কী ভাবে, সেটাই ভাবছি। মানুষের শরীর কতটা অদ্ভুত এবং স্বতন্ত্র, তা নিয়ে নানা ভাবনা আসছে।”

এর আগে সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন অমিতাভ। এক্স (টুইটার) হ্যান্ডলে অনুরাগীদের উদ্দেশে ক্ষমা চেয়ে তিনি লিখেছেন, “ক্ষমা করবেন। আমি ক্ষমাপ্রার্থী। বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে ওঠার জন্য আমাকে কয়েক দিন বিরতি নিতে বলা হয়েছে। তাই এই মুহূর্তে কিছু লিখতে পারছি না।”

দশেডার শুভেচ্ছা জানাতে গিয়েও নিজের শারীরিক অসুস্থতা ও বিশ্রামের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন এই তারকা। সে সময় ব্যক্তিগতভাবে যাঁরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন, তাঁদের উত্তর দিতে না পারার কারণেও দুঃখ প্রকাশ করেন তিনি। তবে দ্রুত সুস্থ হয়ে ভক্তদের মাঝে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন অমিতাভ বচ্চন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *