নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা

বিনোদন স্পেশাল

হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ারের এক ব্যতিক্রমী ভূমিকায় মুগ্ধ নেটিজেনরা। নিজের প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের নতুন জীবনের সূচনায় শুধু অতিথি হিসেবে উপস্থিত থাকেননি ‘স্পাইডার-ম্যান’ তারকা, বরং তার বিয়ের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বও পালন করেছেন। নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তেও দেখা গেছে তাকে। প্রাক্তন দম্পতির এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। খবর এন্টারটেইনমেন্ট উইকলি ও এনডিটিভির।

গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের লানাই দ্বীপে অবস্থিত ‘ফোর সিজনস রিসোর্ট লানাই’তে বসে জেনিফার মেয়ার ও তার নতুন জীবনসঙ্গী জিওফ্রি ওগুনলেসির বিয়ের আসর। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন ৫১ বছর বয়সী টোবি ম্যাগুয়ার। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ভক্তদের বিশেষভাবে নজর কেড়েছে।

জেনিফার মেয়ার পেশায় একজন গয়না নকশাকার। তার নতুন জীবনসঙ্গী জিওফ্রি ওগুনলেসি একজন সংগীত নির্বাহী ও ব্যবসায়ী। তিনি নাইজেরীয় ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। জেনিফার ও জিওফ্রির বিয়েতে হলিউডের বেশ কয়েকজন পরিচিত তারকাও উপস্থিত ছিলেন।

টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ারের সম্পর্কের শুরু ২০০৩ সালে। চার বছর প্রেমের পর ২০০৭ সালে বিয়ে করেন তারা। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৬ সালের সেপ্টেম্বরে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

এই বিচ্ছেদের কয়েক সপ্তাহের মধ্যেই প্রাক্তন স্ত্রীর বিয়ের অনুষ্ঠানে টোবি ম্যাগুয়ারের এমন গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের সম্পর্কের ভিন্ন এক দিক সামনে এনেছে। একসময় দাম্পত্য সম্পর্কে আবদ্ধ থাকলেও বিচ্ছেদের পরও তারা সন্তানদের লালন-পালন ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সৌহার্দ্য বজায় রেখেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

টোবি ও জেনিফারের দুই সন্তান—রুবি ও ওটিস। সন্তানদের ঘিরে পারিবারিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে বিভিন্ন সময়ে। প্রাক্তন স্বামী হিসেবে টোবির এমন অংশগ্রহণও তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন বলে মনে করছেন অনেকে।

সাধারণত বিচ্ছেদের পর প্রাক্তন সঙ্গীর নতুন জীবনের সূচনায় এমন ভূমিকা সচরাচর দেখা যায় না। তবে টোবি ম্যাগুয়ারের ক্ষেত্রে পরিস্থিতি যেন কিছুটা আলাদা। প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে দাঁড়িয়ে বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করা এবং নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর দৃশ্য ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

১৯৯০-এর দশকের শেষভাগ ও ২০০০-এর দশকের শুরুর দিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া টোবি ম্যাগুয়ার ‘স্পাইডার-ম্যান’ চলচ্চিত্র সিরিজে পিটার পার্কার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। অন্যদিকে, জেনিফার মেয়ার গয়না নকশাকার হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *