‘বাংলাদেশ বেশি সুযোগ-সুবিধা পেলেও ভালো করতে পারে না’

খেলা স্পেশাল

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে চলতি মাসের শেষ দিকে জাপান যাচ্ছে বাংলাদেশ দল। টুর্নামেন্ট শুরুর আগে জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেসিএ) প্রধান নির্বাহী নাওকি অ্যালেক্স মিয়াজি জানিয়েছেন, ক্রিকেটের দলগুলো নিজেদের পছন্দমতো হোটেল বেছে নিতে পারবে।

বাংলাদেশের এই এশিয়ান গেমস ক্রিকেটের প্রধান কোচের দায়িত্বে আছেন সালাহ উদ্দীন। আজ সংবাদ সম্মেলনে হোটেল ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ‘আমরা তো অন্যান্য সময় খেলতে যাই। অনেক সুবিধা পাই। অনেক সময় তো ভালো ফল করি না। থাকাটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার না। আমরা দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আমরা ভালো খেলব।’

এশিয়ান গেমস ক্রিকেটের প্রধান কোচ বলেন, ‘খেলাটাই আমাদের মুখ্য। চ্যালেঞ্জ থাকবেই সব জায়গায়। তবে থাকাটা আমার কাছে খুব বেশি মুখ্য বিষয় না। আমার কাছে মুখ্য বিষয় যে আমরা একটা জায়গায় খেলতে যাচ্ছি। একটা দেশের প্রতিনিধিত্ব করছি। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা যেন সেখানে খেলাটার দিকেই তাকিয়ে থাকি।’

লিটন দাসকে অধিনায়ক করে গত ২ সেপ্টেম্বর এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ। অধিনায়কের সঙ্গে ব্যাটিং লাইনআপে আছেন যথারীতি তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকতরা। লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের সঙ্গে স্পিন বিভাগে আছেন শেখ মেহেদী হাসান। মেহেদীর ব্যাটিংও দারুণ কার্যকরী হয়ে উঠতে পারে। আর পেস বোলিং বিভাগে আছেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

এশিয়ান গেমসের জন্য জাতীয় দল দেওয়ার ব্যাখ্যায় সালাহ উদ্দীন বলেন, ‘যেটা আমি বলব যে আসলে প্রথমে আমাদের এখানে এইচপি দল দেওয়ার কথা ছিল। তবে যখন দেখেছি যে অন্যান্য দলগুলো তো তাদের পুরো জাতীয় দল পাঠাচ্ছে, তাহলে আমরা কেন পাঠাব না। তো আমরা মনে করি এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে। আমাদের গ্রুপে যে চার দল দেওয়া হয়েছে, তাতে ভালো খেললে আমাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

ক্রিকেটে সর্বপ্রথম বাংলাদেশ স্বর্ণপদক পেয়েছে ২০১০ সালে। সেবার আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। ১৬ বছর পর লিটন-শান্তদের সামনে রয়েছে হারানো গৌরব পুনরুদ্ধারের সুযোগ। নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *