আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

খেলা স্পেশাল

‘সবটুকু নিংড়ে দিয়েছি, আমার দেওয়ার আর কিছু বাকি নেই’— ডায়েরির তিনটি ছেঁড়া পাতা ও একটি কলমের ছবি পোস্ট করে এভাবেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান লিওনেল মেসি।

তবে বিদায়ের ৪ দিন পর গুঞ্জন উঠেছে আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে।

ঘরের মাঠে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে বিদায় দিতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এমন তথ্য দিয়েছেন আর্জেন্টিনার সাংবাদিক পাবলো গ্রাভেলোন। তোদো নোতিসিয়াসের এই সাংবাদিকের দাবি, সবকিছু ঠিক থাকলে মেসির শেষ ম্যাচটি হবে আর্জেন্টিনার মাটিতেই। সম্ভাব্য ভেন্যু হিসেবে সবচেয়ে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালকে মনে করা হচ্ছে।

এর বাইরে মেসির জন্মশহর রোজারিওতেও ৮ বারের ব্যালন ডি’অর জয়ীর বিদায়ী ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা সেখানে সেপ্টেম্বরে প্রীতি ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা। এ বিষয়ে টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার মাক্সিমিলিয়ানো গ্রিলোর তার প্রতিবেদন দাবি করেছে, সেপ্টেম্বর মাসে দুটি বা তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আর্জেন্টিনার। ম্যাচগুলো বুয়েনস আইরেস, কর্দোবা কিংবা রোজারিওতে হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে প্রতিপক্ষের নাম এখনো চূড়ান্ত হয়নি।

এই প্রীতি ম্যাচগুলোই হওয়ার কথা ছিল এশিয়া সফরে। মেসি বিদায় নেওয়ায় এএফএ এশিয়া সফর বাতিল করেছে বলে জানায় ইএসপিএন আর্জেন্টিনা।

তবে মেসির বিদায়ী ম্যাচের বিষয়টি এখন পর্যন্ত সংবাদ মাধ্যম কিংবা মানুষের মুখে মুখেই। কোনো কিছুই চূড়ান্ত হয়নি এখনো। আবার বিশ্বকাপজয়ী অধিনায়ক সেই ম্যাচ খেলবেন কি না সেই সম্মতিরও বিষয় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *