বিয়ের জন্য পাত্র খুঁজতে যে পথ বেছে নিলেন তরুণী

চিত্র-বিচিত্র স্পেশাল

জীবনসঙ্গীর খোঁজে এক অভিনব পথ বেছে নিয়েছেন আমেরিকার ৩৬ বছর বয়সী এক নারী। পাত্র চেয়ে তৈরি করেছেন ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ নামের একটি গুগল ফর্ম।

তার এই উদ্যোগ ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে—সংগ্রহ হয়েছে ২৪১টি আবেদনপত্র এবং ১,০০০ থেকে ১,৫০০টি সরাসরি বার্তা এসেছে তার কাছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লট শহরের বাসিন্দা ৩৬ বছর বয়সী এরিন প্যাটারসন। দীর্ঘদিন ধরে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজছিলেন তিনি।

ডেটিং অ্যাপ থেকে শুরু করে পরিচিতদের মাধ্যম—নানাভাবে চেষ্টা করেও মনের মতো মানুষের সন্ধান মেলেনি। অবশেষে কাঙ্ক্ষিত সঙ্গীকে পেতে এক অভিনব পথ বেছে নিয়েছেন তিনি।

নাম, বয়স ও ফোন নম্বরের পাশাপাশি সম্ভাব্য পাত্রদের জন্য প্রশ্নের তালিকাটি বেশ লম্বা। যেমন—তিনি কী পেশায় যুক্ত, দৈনন্দিন জীবনযাত্রা কেমন, ভবিষ্যৎ পরিকল্পনা কী, বিয়ে ও পরিবার নিয়ে তার চিন্তাভাবনা এবং সম্পর্কের ক্ষেত্রে তাঁর প্রত্যাশাই বা কী? এমনকি কোনো একটি বিষয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা চালিয়ে যেতে হলে সেটি কি হতে পারে, এমন বিষয়েও জানতে চাওয়া হয়েছে।

অর্থাৎ কেবল বাহ্যিক রূপ বা পেশাগত পরিচয় নয়, সম্ভাব্য জীবনসঙ্গীর ব্যক্তিত্ব, জীবনযাত্রার ধরন ও ভবিষ্যৎ ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করাই ছিল এই ফর্মটির প্রধান উদ্দেশ্য।

জীবনসঙ্গী বেছে নিতে নিজের পছন্দের বিষয়টি ফর্মে বেশ স্পষ্ট করেই জানিয়েছেন এরিন। পাত্রকে হতে হবে খ্রিস্টান ধর্মাবলম্বী, অবিবাহিত এবং বয়স ২৮ থেকে ৪৭ বছরের মধ্যে। পাশাপাশি তিনি এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে চান, যিনি বিয়ে করে সংসার ও সন্তান নিয়ে থাকতে আগ্রহী। এছাড়া ফর্মে তিনি উল্লেখ করেন, কফি বা ডিনার ডেটে গল্পগুজব করতে পারেন—এমন একজন সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার পুরুষের সঙ্গই তার পছন্দ।

তবে সবকিছুর শেষে যে তার মূল লক্ষ্য বিয়ে, সেটাও পরিষ্কার করে দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এরিনের ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে বেশ সাড়া পড়েছে। অনেকেই তার এই উদ্যোগকে স্বাগত জানালেও বিষয়টি নিয়ে রসিকতায় মেতেছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *